ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি যতদিন দেশটির প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
শুক্রবার (১২ জুন) ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
নেতানিয়াহু বলেন, ‘যতদিন আমি ইসরাইলের প্রধানমন্ত্রী আছি, ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি সম্পূর্ণ একমত।’
বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী আরও দাবি করেন, গত তিন দশক ধরে তিনি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তার এই অনড় অবস্থান না থাকলে তেহরান আরও অনেক আগেই পারমাণবিক বোমার মালিক হয়ে যেত। তবে যতদিন তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী থাকবেন, তা হতে দেওয়া হবে না।
আমেরিকা ও ইরানের মধ্যে জেনেভায় একটি প্রাথমিক সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতির আলোচনার মধ্যেই নেতানিয়াহুর এই কঠোর অবস্থান সামনে এলো।
এর আগে বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা ও বোমা হামলা বাতিল করে চলমান সংঘাতের অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে। ইউরোপে সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত না থাকলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নিতে পারেন।
ট্রাম্প আরও বলেন, আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি সই হলেই হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য এই প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা











