চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস প্রতিরোধে টিকার মিশ্র ডোজ তথা বিভিন্ন কোম্পানির উৎপাদিত টিকা অদলবদল করে নেওয়াকে বিপজ্জনক প্রবণতা আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সোমবার (১২ জুলাই) এক অনলাইন ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এমন হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, এটা কিছুটা বিপজ্জনক প্রবণতা। টিকার মিশ্র ডোজ নিয়ে এখনো আমাদের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই।
তিনি আরও বলেন, নাগরিকেরা যদি টিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে কোন টিকা কখন নেবেন সেই সিদ্ধান্ত নেন, তাহলে দেশে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।
এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ না করায় বাংলাদেশও টিকার মিশ্র ডোজ দেওয়া নিয়ে চিন্তা-ভাবনা করছে। এমন সময়ই এই সতর্কবার্তা আসলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে।












