বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াত কোনো ক্ষমতাকেন্দ্রিক, উচ্চাভিলাষী ও গতানুগতিক রাজনৈতিক সংগঠন নয়, বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী আর্ত-মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একইসাথে আমরা সমৃদ্ধ জাতি গঠন ও ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায়ও প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করতে সকলকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা শাখার ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. রেজাউল করিম বলেন, দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো আল্লাহ তায়ালা সকল মুসলমানদের ওপর ফরজ বা অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, যার মধ্যে দ্বীন কায়েমের যজবা নেই,তার ঈমানই নেই। মূলত, প্রত্যেক মুমিনের জীবনোদ্দেশ্যই হচ্ছে দ্বীন। তাই ঈমানের দাবিতে সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।
তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে প্রতিটি মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য শপথের জনশক্তিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
থানা আমির এম মোল্লার সভাপতিত্বে ও থানা সেক্রেটারির পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমির মাস্টার রুহুল আমীন ভূঁইয়া। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাসিরুদ্দীন মাহমুদ, জামায়াত নেতা ফারুক হোসাইন, নুরনবী ও আব্দুস সহিদসহ থানা নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি










