spot_img
spot_img

আমেরিকা-ন্যাটো আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে: মাওলানা মুত্তাকি

পাকিস্তান সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেছেন, আফগানিস্তানে ২০ বছর ধরে লাখ লাখ সেনা, বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আমেরিকাসহ ৫০ দেশের সামরিক উপস্থিতি দেশটিতে শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে; এমনকি ২০ বছর আগে আফগানিস্তানে যারা ক্ষমতায় ছিল তাদেরকেও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) ইসলামাবাদ-ভিত্তিক থিংক ট্যাংক ‘দ্যা ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ ইসলামাবাদ’ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকি বলেন, আমরা আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেছি এবং গোটা বিশ্বকে গ্যারান্টি দিচ্ছি যে, আমাদের দেশে স্থিতিশীলতা বজায় থাকবে; তারপরও বিশ্ব আমাদের কাছে আর কি চায় তা আমাদের বোধগম্য নয়।

তিনি বলেন, আফগানিস্তানের অতীতের সবগুলো সরকার দু’টি সমস্যায় ভুগেছে। কোনো কোনো সরকার আফগান জনগণের আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে উপেক্ষা করে বিদেশি শক্তিগুলোর চাহিদা পূরণ করেছে ও বিদেশি হস্তক্ষেপ বিনা বাক্যব্যয়ে মেনে নিয়েছে। অন্য কিছু সরকার বিদেশিদের দাবি-দাওয়া সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে যার ফলে আন্তর্জাতিক সমাজ থেকে আফগানিস্তান বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আফগান সরকারের এ শীর্ষ মন্ত্রী বলেন, আমরা এই দুই ধরনের সরকারের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করছি যেখানে পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান ছাড়াই উভয় পক্ষের আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়া পূরণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ