ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেছেন, আফগানিস্তানের পররাষ্ট্রনীতিতে রাশিয়ার একটি বিশেষ স্থান রয়েছে।
গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আফগানিস্তানে রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সমস্যা, অর্থনৈতিক সহযোগিতা এবং আফগানিস্তানের সাম্প্রতিক উন্নয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
এ বৈঠকে মাওলানা মুত্তাকী মস্কোতে আফগান দূতাবাসে সমস্ত সুযোগ-সুবিধা প্রদানের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈঠকে রাশিয়া থেকে তেল, গ্যাস ও গম আমদানির বিষয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে জামির কাবুলভ বলেন, রাশিয়া আফগানিস্তানে উন্নয়ন ও স্থিতিশীলতা চায় কিন্তু পশ্চিমা দেশগুলোর মতো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











