ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনাদের অবশ্যই বাখমুত এবং পূর্বাঞ্চলের অন্যান্য শহরে থামাতে হবে। বাখমুতে যে প্রচণ্ড যুদ্ধ চলছে তার ফলাফলের ওপর ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে।
সোমবার (১৩ মার্চ) রাত্রীকালীন এক বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, বাখমুতে রুশ সেনারা আক্রমণ করছে। সেখানে তাদেরকে ধ্বংস করার ওপর ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে। পূর্বাঞ্চলে রুশ সেনাদের হটানো খুবই কঠিন এবং খুবই কষ্টকর। তা সত্ত্বেও আমাদেরকে শত্রুর সামরিক শক্তি এবং ইচ্ছাশক্তি ধ্বংস করতে হবে। এই শহর থেকে আমাদের সেনারা পিছু হটবে না।
গত সপ্তাহে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সতর্ক করে বলেছে, কয়েক দিনের মধ্যেই রুশ সেনাদের হাতে বাখমুতের পতন হতে পারে।
রাশিয়া বলছে, বাখমুত দখল করতে পারলে সমগ্র দোনেতস্ক অঞ্চল দখলের পথ উন্মুক্ত হবে। মস্কোর কেন্দ্রীয় লক্ষ্য এটিই।
সূত্র: আল-জাজিরা











