বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারের যা অবস্থা তাতে আমরা সাশ্রয়ী না হলে বাঁচতে পারব না। তাই রমজানের আগে হুড়াহুড়ি না করে আস্তে ধীরে ক্রেতাদের পণ্য কিনতে পরামর্শ দেন তিনি।
মঙ্গলবার (১৪ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কাওরান বাজারের টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম বেড়েছে এ কথা যেমন সত্যি, তেমনি এটিও সত্যি যে ক্রেতাদেরও পণ্য কিনতে কষ্ট হচ্ছে। তাই সপ্তাহান্তে বাজারে ক্রেতাদের হায়-হুতাশ শোনা যায়।
বাজার নিয়ন্ত্রণের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সারা রোজার মাস বাজার তদারকি অভিযান চালু থাকবে। আমাদের অল্প জনবল নিয়ে পুরো বাজার ব্যবস্থাকে সামলাতে হয়। সীমাবদ্ধতা আছে এ কথা অস্বীকার করার কিছু নেই। কিন্তু রোজার সময়ে যাতে কেউ পণ্য মজুত করে দাম বাড়াতে না পারে, সে বিষয়ে ভোক্তা অধিকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি বজায় থাকবে।











