গত দশ সপ্তাহ ধরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার ইসরাইলি। এ বিক্ষোভকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে উল্লেখ করে অবৈধ রাষ্ট্রটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তার দিক দিয়ে দেশের পরিস্থিতি ‘খুবই সঙ্কটজনক।’
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় তেল আবিবে একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।
ইসরাইলী প্রেসিডেন্ট বলেন, অভ্যন্তরীণ সংগ্রামের বিষয়ে আমি কিছু বলতে চাই যা আমাদের বিচ্ছিন্ন করছে। আমি আমার সমস্ত শক্তি ও সময় ব্যয় করি সেসব বিষয়ে সমাধান খুঁজে বের করার জন্য যা আমাদের সাংবিধানিক ও সামাজিক সংকট থেকে উদ্ধার করবে।
ইসরাইলী প্রেসিডেন্ট আরও বলেন, সরকার ও বিরোধী দলের পাশাপাশি সংশ্লিষ্ট সব দলের সঙ্গে তার বৈঠক হয়েছে। তবে বৈঠকগুলো কোনও রাজনৈতিক সমঝোতার জন্য নয়। এটি আশানুরূপ ও ভারসাম্যমূলক একটি নির্ভুল সমাধান খোঁজার প্রচেষ্টা। কারণ, পরিস্থিতি খুবই কঠিন ও উদ্বেগজনক।
হারজোগের নেতৃত্বে বিষয়টির একটি নির্ভুল সমাধানে পৌঁছানোর প্রচেষ্টাও উল্লেখযোগ্যভাবে উন্নতির মুখ দেখেনি। বিরোধী দলীয় নেতারা ‘বিচার বিভাগীয় সংস্কার’ পরিকল্পনা সম্পর্কিত আইন বন্ধ করার দাবি জানিয়েছেন। সরকার তাদেরকে পূর্ব শর্ত ছাড়াই আলোচনা আহবান জানিয়েছে।
উল্লেখ্য, বিরোধী দলের মতে বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার ফলে সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে, দুর্নীতি বৃদ্ধি পাবে ও সংখ্যালঘুদের অধিকার নষ্ট হবে। যার মাধ্যমে ইসরাইল থেকে গণতন্ত্রের বিলুপ্তি হবে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন এ সংস্কারের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











