পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃটিশ-বাংলাদেশী প্রবাসীসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য তাদের আওয়াজ তুলতে আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে ব্রিটেনের ক্যামডেনের মেয়র নাসিম আলী ওবিই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার সময় তিনি এ আহ্বান জানান।
ব্রিটেনে ব্রিটিশ-বাংলাদেশী প্রবাসীদের প্রশংসা করে উভয়েই ব্রিটিশ সমাজ ও অর্থনীতিতে এবং গত পাঁচ দশকে এই দুই দেশের মধ্যে যোগাযোগের সেতু হওয়ার জন্য তাদের অবদানের কথা স্মরণ করেন।
ক্যামডেনের মেয়র ব্রিটিশ-বাংলাদেশী প্রবাসীদের, বিশেষ করে নির্বাচিত প্রতিনিধিদের স্বীকৃতি দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের পরামর্শ দেন।
তারা জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ-ব্রিটেনের সহযোগিতা নিয়েও আলোচনা করেন।
সূত্র: ইউএনবি











