ফরিদপুরের সালথায় রাস্তা কাটা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন (৪৪) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের (৪২) মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ওই দুই নেতার বাড়ি মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে। তিন মাস আগে নওপাড়া গ্রামের মধ্য দিয়ে একটি রাস্তা বানানোর উদ্যোগ নেন কামাল। কিন্তু গিয়াসের সমর্থকরা তাদের জমির ভেতর দিয়ে ওই রাস্তা যাওয়ায় এ কাজে বাধা দেন। একপর্যায়ে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। এ বিষয়টি নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বুধবার সন্ধ্যায় স্থানীয় কাগদী বাজারে কামালের কয়েকজন সমর্থকদের উদ্দেশ্যে গিয়াসের সমর্থকরা নানান ধরনের টিপ্পনি কেটে উত্তেজিত করে। এ নিয়ে ওই বাজারে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় গ্রুপের অন্তত ২৯ জন আহত হন। পরে পুলিশ এসে শর্টগানের ১০টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।











