সংবিধান অমান্যকারীদের ‘বাংলাদেশি নাগরিকত্ব’ নিয়ে প্রশ্ন তুলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন। আমরা সে সংবিধান মেনেই নির্বাচন করবো। আর যারা সংবিধান মানে না তাদের নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করা আমার মনে হয় ঠিক না।
শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতারা অনেক কিছুই বলবেন। আমরা সংবিধান মেনে চলি। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। তার কারণ, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন দেশে জাতির পিতার রেখে যাওয়া সংবিধান মেনেই নির্বাচন হবে। সংবিধান অমান্যকারীদের নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করা মনে হয় ঠিক না।











