ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ওসামা হামদান বলেছেন, গাজ্জায় ইসরাইলী সেনাদের বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য আমেরিকার নিরঙ্কুশ সমর্থন দায়ী। এছাড়া গাজ্জার জনগণকে জোর করে মিশরে পাঠানোর যে চেষ্টা করছে ইসরাইল তার পেছনে রয়েছে আমেরিকা ও ইউরোপের কিছু দেশ।
বুধবার (১৩ ডিসেম্বর) লেবাননের রাজধানী বৈরুতে প্রেস টিভিকে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।
ওসামা হামদান বলেন, গাজ্জা থেকে ২০ লাখ মানুষকে গ্রহণ করার জন্য মিসরকে চাপ দিয়েছে আমেরিকা এবং বাকি পাঁচ লাখ মানুষকে গ্রহণ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু আমেরিকা এ বিষয়ে মিশর ও সৌদি আরবের সমর্থন পেতে ব্যর্থ হয়ে এখন সমস্ত গাজ্জাবাসীকে দক্ষিণ অঞ্চলে ঠেলে দেওয়ার অপচেষ্টা করছে।
ওসামা হামদান আরও বলেন, প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলিদের দখলদারিত্ব ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। হামাস এই প্রতিরোধ আন্দোলন কখনো বাদ দেবে না।











