যশোরে ১২ হাজার লিটার পাম অয়েল মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঐ ব্যবসায়ীর নাম জয়দেব মন্ডল। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন যশোরের শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন।
জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যদের নিয়ে শহরতলীর শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে অভিযান চালান। এ সময় সেখানে ৬০টি ব্যারেলে ১২ হাজার লিটার পাম অয়েল পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত গঠন করে ব্যবসায়ীর জয়দেব মন্ডলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন ম্যাজিস্ট্রেট। এ সময় জয়দেব মন্ডল জরিমানা দিয়ে জেলের সাজা থেকে রক্ষা পান।
তিনি আরও জানান, জয়দেব মন্ডলকে আগামী এক সপ্তাহের মধ্যে সমুদয় তেল চুকনগরে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানকালে জেলা বাজার কর্মকর্তা কুতুবউদ্দীন উপস্থিত ছিলেন।











