spot_img
spot_img

পদ্মা সেতুতে ট্রেন চলবে ৩০ মার্চ

পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেল চলবে আগামী ৩০ মার্চ। এদিন মাওয়া রেলস্টেশন থেকে পদ্মা সেতু অতিক্রম করে রেল যাবে ভাঙ্গা স্টেশনে।

সেতুর প্রকল্প পরিচালক আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতু ঘিরে বদলে যাওয়া দেশের নতুন এ রেল নেটওয়ার্ক শুধু যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে না, দেশের ব্যবসা-বাণিজ্যে বিশেষ গতি এনে অর্থনীতির ভিত পোক্ত করতেও ভূমিকা রাখবে। পাথরবিহীন এ রেললাইন শত বছর টেকসই হবে। তাই তৈরি করা হচ্ছে মজবুত করে। আর আধুনিক এ রেললাইনের সংস্কার ব্যয়ও তেমন হবে না। তাই দেশের নতুন রেল নেটওয়ার্ক ঘিরে নানামুখী সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে। আশা করছি, পদ্মা সেতুতে আগামী ৩০ মার্চ পরীক্ষামূলকভাবে রেল চলবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা সেতুর ৪২ কিলোমিটার রেলপথের অগ্রগতি এখন ৯২ শতাংশের বেশি। আর পদ্মা সেতুতে পাথরবিহীন রেলপথ বসবে ৬.৬৮ কিলোমিটার। এরই মধ্যে ৬ কিলোমিটারের বেশি রেলপথ বসে গেছে। বাকি মাত্র ৩০০ মিটার। পাথরবিহীন রেললাইন বসানো হচ্ছে মাওয়া প্রান্ত থেকে। জাজিরা প্রান্তের কাজ শেষ। আর মাওয়া প্রান্ত থেকে ট্র্যাক কারে করেই স্লিপারসহ অন্যান্য মালামাল সেতুতে সহজে ঢুকতে পারছে। তাই দ্রুত রেললাইন বসানো সম্ভব হচ্ছে। সেতুর ওপর তলায় সড়কপথের যানবাহন সচল রেখেই দেশের প্রথম পাথরবিহীন ব্রডগেজ রেললাইন স্থাপন করা হচ্ছে।

আগামী ২০ মার্চের মধ্যেই সেতুতে পাথরবিহীন রেললাইন বসানো সম্ভব হবে। কিউরিংয়ের পর রেল চলাচলের উপযোগী হবে। তাই সেতু দিয়ে পরীক্ষামূলক রেল চলাচলের জন্য ৩০ মার্চ নির্ধারণ করা হয়েছে। রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ পরীক্ষামূলক রেলে চড়বেন বলে জানান দায়িত্বশীলরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ