লালমনিরহাটের হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকায় চলমান বৈশাখী মেলার পার্শ্ববর্তী জুয়ার আসরে ধাওয়া করে দুইজনকে আটক করে পুলিশ। এর মধ্যে গ্রেফতারের পরই নির্যাতন চালালে পুলিশ হেফাজতে রবিউল(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। মৃত্যুর খবরে হাসপাতালে স্বজনরা আহাজারি করতে থাকে। এ ঘটনায় জেলার মহেন্দ্রনগরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এসময় পুলিশের একটি গাড়ি ভাংচুর করে তারা।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ১ টার দিকে সদর উপজেলার হারাটি ইউনিয়নের চরকেরথান এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, আটকের পরপরই মারপিট করা হলে রবিউল অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
উপজেলার হিরামানিক এলাকার বৈশাখী মেলায় জুয়া খেলা চলছিলো। এমন খবরে পুলিশ মেলায় অভিযান চালালে জুয়াড়িরা দিকবিদিক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মহেন্দ্র নগর কাজীরচওড়া এলাকার দুলাল খানের ছেলে রবিউল খান (২৫) এবং দক্ষিণ হিরা মানিক এলাকার মৃত রসনির ছেলে প্লোল্লাদ রায়কে জুয়ায় অংশ নেওয়ার অভিযোগে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পুলিশ আটক দুজনকে ভ্যানে উঠানোর চেষ্টা করলে রবিউল ভ্যানে উঠতে রাজি হয়নি। পরে তাকে ঘটনাস্থলে নির্যাতন করা হয় এবং সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ রবিউলকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়।










