ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, মাহে রমজানে কুরআন নাজিলের কারনে রমজান মাস সর্বশ্রেষ্ঠ। এ কুরআন যে সমাজে প্রতিষ্ঠিত হবে সে সমাজ হবে সর্বশ্রেষ্ঠ সমাজ। যেখানে অন্যায়-অবিচার, দুর্বলদের ওপর সবলের নিপীড়ন, খুন-গুম-ধর্ষণ রাহাজানি থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সে সমাজ প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুতরাং কুরআন নাজিলের মাসে কুরআনী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাই।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন চকবাজার থানা শাখার উদ্যোগে ইসলামবাগ হাজী ইব্রাহীম প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত নবাগত সদস্য সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মানুষ দুটি জিনিস নিয়ে গঠিত, আত্মা এবং দেহ। আত্মা সংশোধনের ওপর মানুষের দুনিয়া-আখেরাতের সফলতা নির্ভর করে। দেহ থেকে মানুষের রুহ আলাদা হয়ে গেলে দেহের কোনো মূল্য নেই। সুতরাং মূল্যহীন দেহের ওপর মেহনত না করে মূল্যবান রুহ বা আত্মাকে পরিশুদ্ধ করার জন্য মেহনত করতে হবে। যারা জ্ঞানী তারা চিরস্থায়ী ভালো থাকতে চায় বিধায় তারা আত্মাকে নিয়ে মেহনত করে, আর যারা অজ্ঞ তারা বৈষয়িক ক্ষনস্থায়ী সাফল্যের পেছনে ছুটে আত্মার ব্যাপারে উদাসীন থাকে। মানুষের দেহ মাটির তৈরি বিধায় মাটি থেকে উৎপাদিত খাদ্যের প্রয়োজন হয়। আর রুহ আল্লাহর নূরের তৈরি বিধায় রুহকে তাজা রাখতে নূরানী খাদ্য তথা আল্লাহর সাথে তায়াল্লুক তৈরি করতে হবে।
‘দেশে কোনো বিরোধী দল নেই’ প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে গাজী আতাউর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন- রাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক সরকার থাকলে সেখানে কোনো বিরোধী দল থাকে না। তবে এদেশে এ তিন অবস্থার কোন অবস্থা বিদ্যমান? এ বক্তব্য কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য হতে পারে না। বরং এটা চরম পর্যায়ের ঔদ্ধত্যপূর্ণ কথা।
শাখা সভাপতি মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ।
থানা সেক্রেটারি মোঃ সোলায়মান এর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন চকবাজার থানা ও স্থানীয় নেতৃবৃন্দ।










