ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় আজান দেওয়ার সময় মসজিদের ভেতরেই এক মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজানের গুরুত্বপূর্ণ অংশ শাহাদাত বাণী উচ্চারণকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুয়াজ্জিনের নাম আব্দুল লতিফ। গত মঙ্গলবার (৯ জুন) কেরালার একটি মসজিদে ফজরের আজান দেওয়ার সময় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজানের একপর্যায়ে আল্লাহর একত্ববাদের সাক্ষ্যসংবলিত শাহাদাত বাণী উচ্চারণ করছিলেন আব্দুল লতিফ। ঠিক সেই সময় হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে মসজিদের ভেতরেই পড়ে যান।
ঘটনার পরপরই উপস্থিত মুসল্লিরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজানের একটি অংশ সম্পন্ন করার পরই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় এলাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই একে বিরল ও আবেগঘন মৃত্যু হিসেবে উল্লেখ করে মরহুমের জন্য দোয়া কামনা করেছেন।
তবে আব্দুল লতিফের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
সূত্র, এশিয়ান টাইমস











