ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমেরিকার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা দেওয়ার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
নেতানিয়াহুর সমালোচনা করে তিনি বলেন, লেবাননে ইসরাইলের চালানো হামলা চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল।
ট্রাম্প বলেন, ‘সত্যি কথা বলতে, এই চুক্তির জন্য তার আমাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।’
তবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে আমেরিকা আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে বলে হুমকি দেন ট্রাম্প।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই তেহরানকে আলোচনায় বসতে এবং সমঝোতায় রাজি হতে বাধ্য করেছে।
তিনি বলেন, ‘তারা তৃতীয় হামলা চায়নি। তারা বেঁচে থাকতে চায়।’
ট্রাম্প আরও বলেন, ‘মূল বিষয় হলো, আমাদের চালানো হামলাগুলো এই চুক্তি বাস্তবায়নে বিশাল ভূমিকা রেখেছে। এর প্রভাব ছিল অত্যন্ত বড়।’











