ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে সালাফী আলেম শায়েখ সরদার ওয়ালি সাকিবকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা করেছে।
আল জাজিরা জানিয়েছে, গত বুধবার (১৩ জুলাই) শায়েখ সরদার ওয়ালি সাকিবকে অজ্ঞাতরা বাড়ির সামনে হত্যা করে।
এখনো কোনো পক্ষ এই হত্যার দায় স্বীকার করেনি। তবে এই ঘটনার পিছনে আইএস-এর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে আফগান সরকার।
শায়েখ সরদার ওয়ালি সাকিব ঈদুল আজহার আগে তালেবান সরকারের ডাকা আলেমদের জিরগায় অংশ নিয়েছিলেন। এবং তালেবানের আমীর ও আফগান সর্বোচ্চ বা আমিরুল মুমিনীন নেতা মাওলানা হেবায়তুল্লা আখুন্দজাদার প্রতি তার সমর্থন ঘোষণা করেছিলেন।
শায়েখ সাকিব আফগানিস্তানে সালাফিদের অন্যতম গুরুত্বপূর্ণ আলেম ছিলেন।
তিনি পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে জন্মগ্রহণ করেন। পাকিস্তানে ধর্মীয় শিক্ষা সম্পন্ন করে তারপর ২০০৬ সালে জালালাবাদ শহরে এসে মাদরাসা প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত মাদরাসাটি আফগানিস্তানের বৃহত্তম এবং বিখ্যাত আহলে হাদিস মাদরাসাগুলির মধ্যে একটি।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ শায়েখ ওয়ালি সাকিব হত্যার তদন্তের ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, আলেমদের হত্যা করা ঐসব দুষ্কৃতিকারীদের কাজ যারা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। এসব দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে তাদের অপরাধের শাস্তি দেওয়া হবে।
সূত্র : আল জাজিরা











