সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তার দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করা হয়। তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে নাসির উদ্দিন নাসির বলেন, দেশ ও দেশের মানুষের জন্য খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখে বড় হয়েছেন। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন।
তিনি বলেন, ‘দেশের জন্য, দেশের মাটির জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবিরাম সংগ্রাম করে গেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।’
খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করে ছাত্রদলের নেতাকর্মীদের দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন নাসির বলেন, বাংলাদেশের গণতন্ত্র যাতে নস্যাৎ না হয়, সে বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দেশ ও জাতির স্বার্থে খালেদা জিয়া কখনো আপস করেননি। এ কারণেই তিনি মানুষের কাছে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি; বরং দেশের জনগণের কথা চিন্তা করে তাদের পাশেই থেকেছেন।’
ছাত্রদলের নেতারা জানান, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগরে সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।










