লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালীতে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলো লক্ষ্য করে সম্ভাব্য আক্রমণ চালানো হতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন ইয়েমেনে হুতিদের অন্যতম ধর্মীয় নেতা আবদুল-মালিক বদরুদ্দীন আল-হুথি। সেই সঙ্গে ইসরায়েলের উপর আরও হামলা চালানো হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
চলতি মাসে ইসরাইলের বিরুদ্ধে কয়েক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটি। যা চলমান ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যেই এ অঞ্চলের উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে।
প্রসঙ্গত, গোষ্ঠীটি ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির একটি বড় অঞ্চল নিয়ন্ত্রণ করে। পাশাপাশি লোহিত সাগরের উপকূলেও নিয়ন্ত্রণ রয়েছে তাদের। এছাড়াও ২০০৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সংগঠনটি। যার ফলে হাজার হাজার যোদ্ধা এবং বিশাল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন নিয়ে আরব উপদ্বীপের বড় সামরিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে হুতিরা।
গত ৭ অক্টোবরে ইসরাইলে হামাসের আক্রমণের পর থেকে, ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে উচ্চ সতর্কতায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও এরপর থেকে গাজ্জা উপত্যকায় আক্রমণ বৃদ্ধি করেছে দখলদার ইসরাইলি বাহিনী। যার ফলে ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর










