spot_img
spot_img

বিষাক্ত মদপান ‍করে ভারতে ২২ জনের মৃত্যু

ভারতের বিহারে বিষাক্ত মদপান করে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। এএফপির খবরে বলা হয়েছে, অসুস্থ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের দুটি গ্রামে এই প্রাণহানির ঘটনা ঘটে। সেখানে মদ বিক্রি ও পান আইন করে নিষিদ্ধ করা হয়েছে। ভারতের আরও কয়েকটি রাজ্যে এ ধরনের নিষেধাজ্ঞার কারণে গোপনে নিয়মবহির্ভূতভাবে তৈরি সস্তা মদের রমরমা কেনাবেচা হয়ে থাকে কালোবাজারে। এসব মদ পান করে প্রতিবছর কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

সবশেষ ঘটনায় সরন জেলার বেশ কয়েকজন পুরুষ বমি করতে শুরু করেন। পরে তাদের অবস্থার অবনতি হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। বাকিরা গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃতের সংখ্যা ৩১ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে হাসপাতালের প্রধান সাগর দুলাল সিনহা বলেছেন, এখন পর্যন্ত ২২ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ