মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে আদর্শ মানুষ তৈরি করা যায় না। একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ও সুযোগ্য জাতি গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। শিক্ষাবিহীন জীবন অন্ধকার আকাশের মতো। সেই শিক্ষাবিহীন জীবনে যাতে কেউ না থাকে, এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের উদ্যোগে কলেজ মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন ও ৬৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, ছাত্রদের শুধু পুঁথিগত শিক্ষা দিয়ে আদর্শ মানুষে পরিণত করা যায় না। আমাদের ক্রীড়া, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সমস্ত বর্ণাঢ্য অধ্যায়ে তাদের শেখাতে হবে। যে ছাত্র শুধু বই পড়ে সার্টিফিকেট অর্জন করে, আমার বিশ্বাস সে আদর্শ শিক্ষিত মানুষে পরিণত হয় না। সংস্কৃতিচর্চা খুব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। যেখানে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা হয়, সেখানে মাদকের ছোবল থাকে না, অনৈতিকতায় তারা ধাবিত হয় না।
সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুর রহমান, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনসহ অনেকে।











