spot_img
spot_img

রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের আইজিপির বার্তা

আসন্ন রমজান ও ঈদকে কেন্দ্র করে কোনও মহল যাতে ইস্যু তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ছাত্র ও শ্রমিক সংশ্লিষ্ট বিষয়, যে কোনো দুর্ঘটনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, নিত্য পণ্যের কৃত্রিম সংকট ইত্যাদিকে কেন্দ্র করে কোনও মহল যাতে উদ্দেশ্যমূলকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে না পারে সেজন্য সতর্ক থাকারও নির্দেশও দেন তিনি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ হেড কোয়ার্টার্সের হল অব প্রাইডে আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন আইজিপি।

আইজিপি বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে পারে সেদিকে নজর দিতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

পুলিশ প্রধান বলেন, শিল্পাঞ্চল বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে যেন কোনও ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় সেজন্য শিল্প পুলিশকে তৎপর থাকতে হবে।

রমজানে বিদ্যুৎ কেন্দ্রে যেন কোনও ধরনের নাশকতার ঘটনা না ঘটে সেজন্য বিদ্যুৎ কেন্দ্রে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন আইজিপি। তিনি ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করারও নির্দেশনা প্রদান করেন।

আইজিপি বলেন, ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ির চলাচল রোধ এবং রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। তিনি এ লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রহণের জন্য হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, রমজানে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ইফতার, তারাবি এবং সেহরির সময় বিশেষভাবে দায়িত্ব পালন করতে হবে‌।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই সতর্ক থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আসন্ন পবিত্র রমজান ও ঈদ নিরাপদে নির্বিঘ্নে উদযাপন করতে সক্ষম হবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ