spot_img
spot_img

আমেরিকার বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত; নিহত ৮

আমেরিকার বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা আটজনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।

সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বেলা প্রায় ১১টা ২০ মিনিটে ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বি-৫২ বোমারু বিমানটি বিধ্বস্ত হয়।

দূরপাল্লার বোমারু বিমানটি সোমবার নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৯৫ কিলোমিটার বা ৬০ মাইল উত্তরে অবস্থিত এডওয়ার্ডস বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাস্থলের আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, পুড়ে কালো হয়ে যাওয়া বিস্তীর্ণ এলাকা থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

এক সংবাদ সম্মেলনে কর্নেল জেমস হেইস বলেন, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে, এই দুর্ঘটনায় কারও বেঁচে থাকা সম্ভব ছিল না।

তিনি বলেন, “আজ এডওয়ার্ডস বিমানবাহিনী ঘাঁটিতে একটি ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।”

হেইস বলেন, “এই দুর্ঘটনা থেকে কারও বেঁচে ফেরা সম্ভব ছিল না বলে নির্ধারণ করা হয়েছে। এই মুহূর্তে আমাদের ভাবনা ও প্রার্থনা নিহতদের পরিবারের সঙ্গে রয়েছে।”

তিনি জানান, ফ্লাইটটি আমেরিকার বিমানবাহিনীর রাডার আধুনিকায়ন কর্মসূচির সহায়তায় পরিচালিত হচ্ছিল। বিমানটিতে সামরিক সদস্য, বেসামরিক সরকারি কর্মচারী এবং সরকারি ঠিকাদারদের সমন্বয়ে একটি মিশ্র ক্রু ছিল।

দুর্ঘটনার কারণ সম্পর্কে হেইস বলেন, “এই মুহূর্তে এর কারণ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।দুর্ঘটনার তদন্ত শেষ করতে ছয় মাসেরও বেশি সময় লাগতে পারে। ”

এডওয়ার্ডস বিমানবাহিনী ঘাঁটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, বিমানক্ষেত্রটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে আসা সব বিমানকে অন্যত্র পাঠানো হচ্ছে।

আমেরিকার বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক বলেন, এই বিপর্যয়ে তিনি গভীরভাবে শোকাহত।

এক্সে দেওয়া এক বার্তায় মেইঙ্ক বলেন, “আমরা এই ক্ষতিতে শোকাহত এবং আমাদের মিশনকে এগিয়ে নিতে প্রতিদিন কাজ করা বিমানবাহিনীর সদস্য, বেসামরিক কর্মী ও ঠিকাদারদের সেবার প্রতি সম্মান জানাই।”

আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও নিহত ক্রু সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এক্সে তিনি বলেন, “বি-৫২-এর গর্জন বোসিয়ার সিটি, শ্রেভপোর্ট এবং আশপাশের এলাকার আমাদের সবার কাছেই পরিচিত একটি শব্দ। এটি প্রতিদিন আমাদের ইউনিফর্মধারীদের সাহস ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।”

জনসন বলেন, “আরও বিস্তারিত তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সামরিক সম্প্রদায়ের সঙ্গে শোক পালন করছি। এই ভয়াবহ ক্ষতিতে শোকাহত পরিবার, বন্ধু ও সহকর্মী সামরিক সদস্যদের জন্য আমরা প্রার্থনা করছি। স্রষ্টা যেন ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং আমাদের জাতির সেবায় নিয়োজিত নারী ও পুরুষদের আশীর্বাদ করেন।”

বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস একটি দূরপাল্লার বোমারু বিমান। সাধারণত পাঁচজন ক্রু এটি পরিচালনা করেন। বিমানটি ১৯৫৫ সালে মার্কিন সামরিক বাহিনীর বহরে যুক্ত হয়। এটি সর্বোচ্চ ৩১ হাজার ৭৫০ কিলোগ্রাম বা ৭০ হাজার পাউন্ড ওজনের পেলোড বহন করতে পারে।

প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহনের উপযোগী করে বিমানটি তৈরি করা হয়েছে। প্রতিটি বিমানের মূল্য প্রায় ১১ কোটি ডলার। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক তৎপরতা পর্যন্ত বিভিন্ন সংঘাতে এটি ব্যবহার করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ