অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা যদি কোনো রাজনৈতিক তৎপরতা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের বিচারিক কার্যক্রম পুরোপুরি চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আমরা প্রথম থেকেই বলেছি, মবের (অগঠিত জনতা) বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এখন যে পুলিশ নিয়ে কাজ করছি, সেটি সেই একই পুলিশ-যাদের আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে নিজেদের লোক দিয়ে নিয়োগ দিয়েছে। কাজেই তারা এখন শতভাগ আমাদের পক্ষে থাকবে, এমনটি ভাবা ঠিক হবে না।
আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন। এখন আমাদের সেই ধ্বংসস্তূপের মধ্যেই ধীরে ধীরে দাঁড়াতে হবে। আমরা চেষ্টা করছি, সবার কথা শুনে, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করতে।











