spot_img
spot_img

যাদুরচর মাদরাসায় বাংলা ও আরবি ভাষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারের জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসায় বাংলা ও আরবি ভাষা প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার (১৫ আগস্ট) সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে। যাদুরচর মাদরাসার ছাত্র সংসদ আমরা এক কাফেলার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার সভাপতি ও যাদুরচর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।

আমরা এক কাফেলা-এর সভাপতি ও যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজীর সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনীরুল ইসলাম এবং মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহর প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দিন ফারুকী।

প্রশিক্ষণ প্রদানকালে মাওলানা মুনীরুল ইসলাম বলেন, জগতের সবকিছুই আল্লাহর সৃষ্টি ও অকৃপণ দান। মাতৃভাষাও এর ব্যতিক্রম নয়। মাতৃভাষা আল্লাহ তায়ালার সেরা দান ও নেয়ামত। ইসলাম প্রচারে শুদ্ধ ভাষা ও সুন্দর বর্ণনার প্রভাব অনস্বীকার্য। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সা. ছিলেন ‘আফছাহুল আরব’ তথা আরবের শ্রেষ্ঠ বিশুদ্ধভাষী। তাই বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নত। সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস থেকে জানা যায়, মাতৃভাষার গুরুত্ব যাদের কাছে যত বেশি, তারা উন্নয়নের ধারায় তত বেশি এগিয়ে। তাই বিশুদ্ধ মাতৃভাষা সবার চর্চা করা উচিত।

উপস্থিত তিন শতাধিক শিক্ষার্থীকে শায়েখ মহিউদ্দিন ফারুকী বলেন, আরবি আমাদের ধর্মীয় ভাষা। জান্নাতের ভাষা। রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষা আরবি। কোরআন ও হাদীসের ভাষা আরবি। কোরআন ও হাদীসের সঠিক মর্ম বের করতে হলেও আরবি ভাষা অবশ্যই জানা প্রয়োজন। আরবি ভাষা অধ্যয়ন ও আয়ত্ত করা ছাড়া কোন লোক ইসলামের কোন বিষয়ের ওপর সঠিক ফতোয়া দিতে পারবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আরবি ভাষা সর্বদিক থেকেই অতি প্রয়োজন। তাই আমাদেরকে উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশুদ্ধ ভাবে আরবি ভাষা শিখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসাতুস সুন্নাহর প্রিন্সিপাল মুফতি শফীউল বাশার, বাইতুস সালাম জামে মসজিদ হেমায়েতপুরের খতীব মুফতি মাহমুদ হাসান হাবিবী, আমরা এক কাফেলার সিনিয়র সহসভাপতি মুফতি ইবরাহীম বিন সিদ্দীক, যাদুরচর মাদরাসার সহকারী শিক্ষাসচিব মুফতি নূর হোসাইন, মুফতি মামুনুর রশীদ, মুফতি শোয়াইব আহমাদ, মুফতি আনওয়ারুল ইসলাম, মুফতি ইবরাহীম নাঈম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ