সরকার বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার (১৬ আগস্ট) নয়াপল্টনে খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন ও তার সুস্থতা কামনায় আয়োজিত দু’আ মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
আমির খসরু বলেন, বর্তমান সরকার ক্ষমতা দখলের প্রকল্পের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে। তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সরকার। শুধু সরকার নয়, সরকারের সঙ্গে জড়িত যারা মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে কারাগারে পাঠিয়েছে প্রত্যেককে এর দায় বহন করতে হবে।
অনতিবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা না করলে দেশের মানুষ বসে থাকবে না বলে হুঁশিয়ার করেন তিনি। এসময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে পরবরর্তীতে আরও কঠিন কর্মসূচি আসবে বলে জানান।
আমির খসরু বলেন, বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। বিরোধীদের দমনে মিথ্যা মামলায় সাজা দেয়া হচ্ছে।
খালেদা জিয়া আবারো রাজনীতিতে ফিরে আসবেন বলে জানান বিএনপির এই নেতা।










