ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে আন্তর্জাতিক বিশ্ব খুব শীঘ্রই স্বীকৃতি দেবে বলে আশা করছেন দেশটির উপ প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির।
গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) আফগানিস্তানের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে তোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয় বলেন।
মাওলানা আব্দুল কবির বলেন, স্বীকৃতি প্রদানের জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছে আফগানিস্তান। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগান সরকারকে স্বীকৃতি দেওয়া।
তিনি বলেন, “বিশ্বের সাথে আফগানিস্তানের একটি ইতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে। আশা করি আন্তর্জাতিক বিশ্ব আফগানিস্তানকে স্বীকৃতি দিতে অনেক বেশি সময় নেবে না ইনশাআল্লাহ।”
মাওলানা কবির জানান, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জন্য একটি পূর্ণ সংবিধান রচনার কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, “সংবিধান রচনার জন্য সর্বোচ্চ আদালতের প্রধানকে দায়িত্ব দিয়েছেন আমাদের নেতা। এছাড়াও আফগান শ্রম আইন ও বিধিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে”
বর্তমান সরকারের বিভিন্ন পদে পূর্ববর্তী মার্কিন পন্থী সরকারের অনেক কর্মচারী রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “পূর্ববর্তী সরকারের প্রায় পাঁচ লাখ কর্মচারী আমাদের সাথে কাজ করছেন। এটি প্রমাণ করে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে প্রত্যেক নাগরিকেরই একটি অবস্থান রয়েছে। হোক সে মুজাহিদ অথবা অমুজাহিদ।”
সূত্র: তোলো নিউজ











