spot_img

আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া, এই তিন উপজেলা পরিদর্শন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

দুপুর সাড়ে ১২টায় কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুরের বিরতির পর বেলা আড়াইটার দিকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

পরে বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করবেন তিনি। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তার আগমন উপলক্ষে সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ার বিভিন্ন সড়ক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

শপথ নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। তাকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ