spot_img

ডিসি-এসপি নিরপেক্ষ দায়িত্ব পালন না করলে বিদায় করা হবে: মুফতী আমির হামজা

নিজেকে নিজের আসনের ‘সরকার’ বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

তিনি বলেন, এখানকার সরকারই আমি। তাই এখানে কোনো চাঁদাবাজি চলবে না। একই সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিদায় করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৬ আগস্ট) কুষ্টিয়ায় এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন আমির হামজা।

গণঅধিকার পরিষদের সঙ্গে শনিবারের (১৫ আগস্ট) সংঘর্ষের ঘটনায় রোববার লাঠি মিছিল করে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। বিকেল সোয়া ৫টার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি বের হয়।

এর আগে নেতাকর্মীদের অনেককে বেসবল ব্যাট ও লাঠিসোঁটা নিয়ে ডিসি কোর্ট চত্বরে জড়ো হতে দেখা যায়। পরে মিছিলেও অনেকের হাতে এসব ব্যাট ও লাঠিসোঁটা দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বলেন, “আমার আসন বাংলাদেশের একটি আলাদা আসন। আমি তো বলেছি, এখানকার সরকারই আমি। তাই এখানে কোনো চাঁদাবাজি চলবে না। যদি ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করেন, তাহলে তাদের বিদায় করে দেওয়া হবে।”

প্রতিবাদ সভায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, “একটি দল জামায়াত-শিবিরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল। তারা রান্না করা ভাতও খেয়ে যেতে পারেনি। এখন যারা নতুন করে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন, তারা রান্না করারও সুযোগ পাবেন না।”

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ