চলমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর দেওয়া ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি ৯০ দিনের মধ্যে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে দলটি।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে। অথচ জ্বালানি সংকট মোকাবিলায় তিন মাস আগেই সরকারকে ১০ দফা প্রস্তাব দিয়েছিল বিরোধী দল। সেসব প্রস্তাব এখনো সরকারের টেবিলে রয়েছে। কিন্তু সেগুলো বাস্তবায়ন না করে বিরোধীদের নিয়ে নানা মন্তব্য করা হচ্ছে, যা অনভিপ্রেত ও দুঃখজনক।
‘বিরোধীরা ১৭ বছর মাঠে ছিল না’, সরকারপ্রধানের এমন বক্তব্যের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রধানমন্ত্রী দেশে না থাকায় তিনি জামায়াতে ইসলামীকে মাঠে দেখেননি। এতগুলো জীবন গেল, ফাঁসিতে ঝুলতে হয়েছে, পুরো বিশ্ব দেখেছে, কিন্তু বর্তমান সরকার দেখেনি।”
তিনি বলেন, “বিরোধী দল সরকারকে ব্যর্থ দেখতে চায় না। রাজনৈতিক মতপার্থক্য থাকুক, কিন্তু জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিযোগিতা হোক স্বচ্ছভাবে।”
জ্বালানি সংকট নিরসনে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ‘ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল’ গঠনসহ চার দফা সংস্কার প্রস্তাব তুলে ধরে জামায়াত। দলটি নির্দিষ্ট আর্থিক সীমার মধ্যে জরুরি ওয়ার্কওভার ও সংস্কারকাজের অনুমোদনের ক্ষমতা রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলা ও বাপেক্সের পরিচালনা পর্ষদকে দেওয়ার বিষয়টিও বিবেচনার আহ্বান জানিয়েছে।
দলটির অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, রূপপুর বেজ লোড প্ল্যান্ট বা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কবে উৎপাদনে আসবে এবং এর ট্যারিফ কী হবে, তা জনগণকে জানানো; জরুরি দরপত্র মূল্যায়নের জন্য স্থায়ী মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং অগ্রাধিকার প্রকল্পগুলোর জন্য একক তদারকি ব্যবস্থা চালু করা। একই সঙ্গে কোন ফাইল কোথায় কত দিন আটকে আছে, সে তথ্য নিয়মিত প্রকাশেরও প্রস্তাব দিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, “চট্টগ্রামের মহেশখালী ও পটুয়াখালীর পায়রায় টার্মিনাল করার কথা ছিল। সেটি হয়েছে কি না, তা জনগণ জানে না। খুলনার খালিশপুরে রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি তৈরি হলেও আজও বাণিজ্যিক উৎপাদনে যেতে পারেনি।”










