চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করেছে মুখোশধারীরা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গা গোবিন্দপুর এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইমরানের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়িতেই ছিলেন ইমরান হোসেন। এসময় কয়েকজন লোক মুখ বাঁধা অবস্থায় বাড়ির বাইরে থেকে ইমরানকে ডাক দেয়। সে বাইরে বেরিয়ে এলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ফাতেমা ক্লিনিকে নেয়। এসময় ইমরানের অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। পরে পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











