রেলওয়ের দুর্ঘটনা ক্রমান্নয়ে কমে আসছে দাবি করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন ২০২০ সালে রেলের মোট ১৪৫টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত রেল দুর্ঘটনার সংখ্যা ছিল ১০৬টি।
মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, রেলওয়েতে বাণিজ্যিক বিভাগে মঞ্জুরিকৃত দুই হাজার ৫১৬ জন জনবলের বিপরীতে এক হাজার ৪৬০ জন কর্মরত আছেন। সেখানে এখন শূন্য পদের সংখ্যা এক হাজার ৫৬ জন। এছাড়া আরও ৪৭ হাজার ৬৩৭ জনের নতুন জনবল কাঠামোর অনুমোদন পাওয়া গেছে।
রেলমন্ত্রী আরও বলেন, বর্তমানে রেলওয়ের ২৮৩টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ১৯১টি মিটারগেজ ও ৯২টি ব্রডগেজ। মিটারগেজ ইঞ্জিনের মধ্যে ১৩২টি এবং ব্রডগেজ ৪৩টিসহ মোট ১৭৫টির (৬১ ভাগ) অর্থনৈতিক আয়ুষ্কাল উত্তীর্ণ হয়েছে।










