মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে ভূমিধসের এক ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২২ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে একটি ক্যাম্পসাইটে এ ভূমিধস হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, ৯০ জনেরও বেশি মানুষ ভূমিধসের কবলে পড়ে, তাদের মধ্যে ৫৯ জনকে অক্ষত পাওয়া যায়। ২২ জন এখনও নিখোঁজ। ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন আহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দেওয়া বার্তায় জানা গেছে।
বাতাং কালি জেলার পুলিশ প্রধান সুফিয়ান আব্দুল্লাহ জানিয়েছেন, নিহত সবাই মালয়েশীয় এবং তাদের মধ্যে ৫ বছর বয়সি একটি শিশু আছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুরের উত্তরে বাতাং কালি জেলার মনোরম পার্বত্য অঞ্চল গেন্টিং হাইল্যান্ডসের পাশেই দুর্যোগটি ঘটেছে। প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি গেন্টিং হাইল্যান্ডস একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।











