ফরিদপুরে ডিজে গানের তালে তালে নেচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের একাধিক নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সদর উপজেলার পদ্মার চর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ক্লিপে দেখা যায়, স্টেজের পেছনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসের আলোচনাসভার ব্যানার টাঙানো রয়েছে। সেখানে একক, দ্বৈত ও দলগতভাবে নাচছে ছাত্রীরা। সামনে নাচছে ছাত্ররাও। এসময় স্টেজের ওপরে ও আশপাশে একাধিক শিক্ষককেও নাচতে দেখা যায়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. চুন্নু মিয়া একটি অনলাইন পত্রিকাকে বলেন, আমরা অনুষ্ঠানটি দুই পর্বে ভাগ করেছি। নাচ-গানের আয়োজন ছিল দ্বিতীয় পর্বে। প্রথম অংশে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নাচ-গান করে। আমি নিজেও শিক্ষার্থীদের এমন কাজে লজ্জিত।











