আজ রাত ৮টা থেকে ১১টার মধ্যে ভারতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় তাওকতে। এমনটিই জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে মুম্বাইয়ের ১৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি হওয়ায় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুম্বাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
এনডিটিভি জানায়, তাওকতের প্রভাবে সম্ভাব্য ভূমিধসের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে গুজরাটের ভবনগর জেলার পোড়াবন্দর ও মাহুভার নিম্নাঞ্চলের ২৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এই রাজ্যের নিম্নাঞ্চলের দেড় লাকের বেশি মানুষকে ইতোমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ ভারি বৃষ্টি ও ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হতে পারে বলে সতর্ক করেছে। সতর্কতা জারি করা হয়েছে গুজরাটের জুনাগড়, গিড় সোমনাথ এবং আমরেলিতে।
ঘূর্ণিঝড় তাওকতের প্রভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে গুজরাটের পোড়াবন্দর, আমরেলি জুনাগড়, গিড় সোমনাথ, বোতাদ, ভবনগড় এবং আহমেদাবাদের উপকূলীয় এলাকা বিশেষ করে যেসব এলাকায় কুঁড়েঘর রয়েছে। কর্তৃপক্ষ এসব এলাকায় উড়ন্ত বস্তু, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে।
বৃষ্টির কারণে সড়ক ও রেললাইন তলিয়ে যাওয়াসহ ফসল ও লবণের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।












