ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মুহাম্মাদ আতিকুল ইসলাম বলেছেন, ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে রাজধানীর কাফরুল থানায় ইব্রাহীমপুরে একটি স্কুলে স্থানীয় জনগণের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা প্রশস্থকরণ কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র আতিক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নম্বর অঞ্চলের ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এ সকল ওয়ার্ডের রাস্তাঘাটগুলো এতটাই অপ্রশস্ত যে, বিপদকালীন জরুরি অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারত না। এমনকি এই এলাকার বাড়িঘর থেকে মৃতদেহ বাইরে বের করাটাও খুবই কঠিন ছিল।
মেয়র আতিক আরও বলেন, প্রশস্থ রাস্তার গুরুত্ব অনুধাবন করেই অত্র এলাকার সাধারণ জনগণ একত্রিত হয়ে ভলান্টিয়ার হিসেবে এগিয়ে আসায় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার অপ্রশস্থ রাস্তাসমূহ প্রশস্থ করা সম্ভব হয়েছে।












