জাতীয় নির্বাচন সামনে রেখে আজ রোববার (১৭ জুলাই) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। প্রথম দিনে আজ সংলাপে বসছে চারটি দল। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি এ সংলাপে অংশ নিতে পারবেন।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ইসির সঙ্গে সংলাপ করবে। এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস এবং বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএ) সঙ্গে বৈঠক করবে ইসি।
তবে এবারও সংলাপে যোগ দেবে না বিএনপি। এরআগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করলেও বিএনপি অংশ নেয়নি। এছাড়া দলটির জোটে থাকা অন্যান্য দল এবং আওয়ামী লীগের জোটে থাকা বেশ কয়েকটি দল অংশ নেয়নি।
এদিকে, কবে, কখন, কোন দলের সঙ্গে বৈঠক করা হবে তা আগেই প্রকাশ করেছে ইসি। সেখানে তিনটি দল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠকের সময়সূচি রাখা হয়েছে। আর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে দুই ঘণ্টা করে সংলাপের সময় রেখেছে ইসি।
সময়সূচি অনুযায়ী-
১৮ জুলাই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, খেলাফত মজলিস ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
১৯ জুলাই বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল।
২০ জুলাই গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
২১ জুলাই বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও গণফ্রন্ট।
২৪ জুলাই বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় পার্টি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।
২৫ জুলাই বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
২৬ জুলাই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ন্যাশনাল পিপলস পার্টি।
২৭ জুলাই সময় পেয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, জাকের পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ।
২৮ জুলাই গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
৩১ জুলাই জাতীয় পার্টি-জাপা ও বাংলাদেশ আওয়ামী লীগ।










