কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ দেবীদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের হাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ঢাকায় জাতীয় সংসদ ভবনে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার ও আহত আবুল কালাম আজাদসহ বৈঠক সূত্রে বিষয়টি জানা গেছে।
বৈঠক সূত্র জানায়, আগামী ২১ জুলাই দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে দলটির দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ও গুনাইঘর উত্তর ইউনিয়নের সম্মেলন হলেও কমিটি ঘোষণা বাকি থেকে যায়।
শনিবার জাতীয় সংসদ ভবনে কুমিল্লা উত্তর জেলা ও দেবীদ্বারের দলীয় নেতৃবৃন্দ এ নিয়ে বৈঠকে বসেন। এসময় এলাহাবাদ ইউনিয়নের কমিটি ঘোষণা করা হলে দেবীদ্বারের সংসদ সদস্য (এমপি) রাজী মোহাম্মদ ফখরুল এতে আপত্তি জানান। এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রতিবাদ জানালে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
বৈঠক সূত্র জানায়, এসময় দুইজনের মধ্যে তুমুল হাতাহাতির ঘটনা ঘটে। পরে দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত অবস্থায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।











