ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, “আমি আপনাদের ওপর শরিয়াহর বিধান জারি করি এবং তা বাস্তবায়ন করি। শরিয়াহবিরোধী কোনো কাজ করার অনুমতি আমার নেই এবং আমি অঙ্গীকার করছি, শরিয়াহ অনুযায়ীই চলব। যে শরিয়াহ আমি আপনাদের ওপর বাস্তবায়ন করি, সেই শরিয়াহ নিজের ওপরও বাস্তবায়ন করি এবং নিজেকেও এর বিধানের অধীন মনে করি।”
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কান্দাহারের সামরিক বিমানঘাঁটিতে ইমারাতে ইসলামিয়ার পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাওলানা আখুন্দজাদা বলেন, আগের তুলনায় বর্তমানে সরকার সারা দেশে দৃঢ়ভাবে কর্তৃত্ব বজায় রেখেছে। আফগানিস্তান ইসলামি শরিয়াহর ভিত্তিতে বিশ্বের সঙ্গে সুসম্পর্ক চায়।
ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি না দেওয়ায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলেন, “আগের সরকার, যার একটি জেলার ওপরও নিয়ন্ত্রণ ছিল না, সেই সরকারকে বিশ্ব স্বীকৃতি দিয়েছিল। আজ ইমারাতে ইসলামিয়ার সরকার পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে, অথচ এটিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না।”
শরিয়াহ বিরোধী কোনো দাবিকে তিনি মেনে নিবেন না বলে জানিয়েছেন। একই সঙ্গে আফগান জনগণের ধর্মীয় ও আল্লাহপ্রদত্ত অধিকার সমুন্নত রাখার অঙ্গীকারের কথাও তিনি জোর দিয়ে বলেন। তিনি ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইসলামি শরিয়াহর বিধান বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আবারও ঐক্য ও আনুগত্যের আহ্বান জানান। পাশাপাশি আফগানদের প্রতি দেশের শত্রুদের বিদ্বেষপূর্ণ অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান।
সূত্র: তোলো নিউজ, আরিয়ানা নিউজ










