যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক বিল বার্নস জানিয়েছেন, আমাদের পর্যবেক্ষণ বলছে, রাশিয়া এখন আলোচনায় বসতে চায় না এবং তারা সত্যিকারের আলোচনায় বিশ্বাসী নয়।
ফলে আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনই থেমে যাওয়ার কোনো পথ দেখছে না সিআইএ। মার্কিন গোয়েন্দা সংস্থাটির পরিচালক জানায়, সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে যেসব হামলা চালাচ্ছে সেগুলো অব্যাহত থাকবে। যদিও তাদের ধারণা, এই শীতে হামলার তীব্রতা কম থাকবে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সাক্ষাতকারে বিল বার্নস এসব কথা বলেন।
এদিকে অক্টোবরের শুরু থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে করে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। তাদের হামলায় রাজধানী কিয়েভ, দ্বিতীয় বড় শহর খারকিভ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। ইউক্রেন রাশিয়ার কোনো স্থাপনা লক্ষ্য করে হামলা চালালেই এর জবাবে জ্বালানি অবকাঠামোয় হামলা চালায় রুশ সেনারা।
গতকাল শুক্রবারও কিয়েভ ও খারকিভে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা। তাদের হামলায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন পানি ও বিদ্যুতের কষ্ট ভোগ করছেন সাধারণ মানুষ।











