সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। একাত্তরের চেয়ে আজকে আমাদের সংকট আরও বেশি। তখন জনসংখ্যা ছিল কম, সমাজ ছিল ঐক্যবদ্ধ। তবে বাংলাদেশের খাদ্য সংকট হবে না, ইনশা আল্লাহ।
শনিবার (১৭ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ৪১ সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় সম্মেলনে, নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, আমরা স্বপ্নের পদ্মা সেতু করেছি। কর্ণফুলী টানেল হচ্ছে। ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন হবে। এতকিছুর পরও ছলচাতুরি কোথায় করলাম আমরা?










