spot_img
spot_img

ব্রাহ্মণবাড়িয়ায় হিফজ বিভাগের ছাত্রকে মারধর করায় শিক্ষকের ছয় মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ার ক্বারিমীয়া ক্বেরাতুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ইব্রাহিমকে (১০) মারধর করায় মঈন উদ্দিন (৪২) নামে এক শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মঈন উদ্দিন সরাইল উপজেলার আঁখিতারা গ্রামের ছাদেকুল ইসলামের ছেলে। আর হিফজ বিভাগের ওই ছাত্র সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল গ্রামের আবদুল মালেক হাজারীর ছেলে।

জানা যায়, মঈন উদ্দিন ২০১৮ সালের ১১ ও ১৩ আগস্ট ইব্রাহিমকে মারধর করেন এবং অসুস্থ হওয়ায় নিজেই তাকে চিকিৎসা করান। পরে ইব্রাহিমের অভিভাবকরা এসে তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ইব্রাহিমের মা হোসনে আরা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ২৯ আগস্ট শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। পরে শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোস্তাফিজুর রহমান। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট নাছির মিয়া। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ তানভীর কাউসার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ