হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও আহত হয়েছে ১০ জন।
আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, আজ দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। আহতদের হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে একজন মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ওসি আরও জানান, পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।











