spot_img
spot_img

আ.লীগের জন্য দোয়া করতে বলা ডিসিকে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতি

আওয়ামী লীগের জয়ের জন্য দোয়া মোনাজাত করতে অন্য রাজনৈতিক দলগুলোকে বলায় চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মমিনুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

জেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের কারণে তাকে অব্যাহতি দেওয়ার পক্রিয়া চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

রবিবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এর আগে শনিবার ই-মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান ওই আইনি নোটিশ পাঠান। তিনি ডিসি মমিনুরের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), সংস্থাপন সচিব, নির্বাচন কমিশন (ইসি) সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বরাবর পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আবারও ক্ষমতায় আসেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। এ জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীর দোয়া করা উচিত বলেছেন তিনি। তিনি চট্টগ্রাম জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর জয় চেয়েও মোনাজাত করেন।

ডিসি মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আমি মনে করি, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতার সপক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যদি থাকে, তাহলে আমাদের দেশে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামায়াত বলি- সবাই নিরাপদ থাকবে। আমি মনে করি, বিএনপি-জামায়াতেরও এখন দোয়া করা উচিত শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ