spot_img
spot_img

ওমানের গ্র্যান্ড মুফতীকে ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস’-এর প্রধান হওয়ার প্রস্তাব

বিশ্বের মুসলিম স্কলারদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস’-এর প্রধান হওয়ার জন্য ওমানের গ্র্যান্ড মুফতী শায়েখ আহমদ আল-খালিলীকে প্রস্তাব দেওয়া হয়েছে।

গত বুধবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মিডল ইস্ট মনিটর।

‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস’-এর মহাসচিব শায়েখ আলী কারাদাঘীর নেতৃত্বে উলামাদের একটি প্রতিনিধি দল ওমানের রাজধানী মাস্কাটে গিয়ে শায়েখ আহমদ আল-খালিলীকে এই প্রস্তাব দেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন, লিবিয়ার বিশিষ্ট আলেম শায়েখ আলী সাল্লাবী ও মৌরিতানীর বিশিষ্ট আলেম শায়েখ মুহাম্মাদ হাসান দিদ্দো।

তবে শায়েখ আল-খালিলী এই প্রস্তাব গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন।

‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস’-এর প্রধানের পদ থেকে গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন মরক্কোর আলেম ডক্টর শায়েখ আহমাদ রাইসুনী। একটি টেলিভিশন সাক্ষাৎকারে করা মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিতর্ক উঠলে তিনি সরে যান।

টেলিভিশন সাক্ষাৎকারে শায়েখ রাইসুনীকে পশ্চিম সাহারা ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, মৌরিতানিয়াও মরক্কোর একটি অংশ হওয়া উচিত। তার এই মন্তব্যকে ঘিরে মৌরিতানীয়ার জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা শায়েখ আহমাদ রাইসুনীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এই বিতর্কের মধ্যে ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার’-এর প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শায়েখ রাইসুনী।

গত ২৮ আগস্ট পদত্যাগপত্র জমা দেন তিনি। পরবর্তীতে সংগঠনের এক জরুরী বৈঠক আহ্বান করা হয়। সেই বৈঠকে শায়েখ রাইসুনীর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়।

চলমান কমিটির মেয়াদ শেষ করার জন্য শায়েখ রাইসুনীর উত্তরসূরি হিসাবে ইন্দোনেশিয়ার বিশিষ্ট আলেম শায়েখ হাবিব সালেম সাক্কাফ আল-জাফরিকে সংগঠনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ