spot_img
spot_img

চট্টগ্রামে টহলরত পুলিশের পিকআপ চুরি

পুলিশ লাইনের সামনের সড়কে থানার পিকআপ ভ্যান রেখে খাবার খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। ফিরে এসে দেখেন, তাদের গাড়িটি আর সেখানে নেই। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যান।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

প্রকাশ্য দিবালোকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া পিকআপ ভ্যানটি উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার পুরোনো সিঙ্গেল ডেকার একটি পিকআপ ভ্যান নিয়ে টহল ডিউটিতে বের হয়েছিলেন তিন পুলিশ সদস্য। একপর্যায়ে তারা দুপুরের খাবার খেতে একটি হোটেলে যান। এ সময় পিকআপটি জেলা পুলিশ লাইনের সামনের সড়কে রেখে যান তারা। পুলিশের ধারণা, সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যায় এক ব্যক্তি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি পিকআপটিতে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে যান। ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ