spot_img
spot_img

দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা করছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা করছে একটি দেশবিরোধী অপশক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ অপশক্তিকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ আহ্বান জানান স্পিকার।

সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন, এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’

স্পিকার আরও বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন স্পিকার। একই সঙ্গে অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

অধিবেশন সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্পিকার অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ