সোমালিয়ার একটি সামরিক ঘাঁটিতে আল-শাবাবের হামলায় অন্তত ১০ জন সেনাসদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে সোমালিয়ার মধ্য শাবেল অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে।
এই অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তা আহমেদ ইবরাহিম বলেন, রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে মারাত্মক এ হামলাটি সংঘটিত হয়। একটি আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের মাধ্যমে এ হামলার সূত্রপাত হয়।
তিনি বলেন, আল-শাবাব ও সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে। লড়াইয়ে আল সাবাবের ২১ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য; আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











